টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে গুনতে হবে টাকা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:৩৮  

টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য গ্রাহকের মোবাইলে যে এসএমএস পাঠানো হবে, এবার তার জন্যও টাকা নেবে টুইটার। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহক টাকা দেবে, শুধু তাদেরই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এসএমএস পাঠানোর অনুমতি দেবে তারা। খবর রয়টার্স।

আগামী ২০ মার্চের পর টুইটার শুধু তার ভেরিফায়েড গ্রাহকদের টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধাটি দেবে। প্রতিষ্ঠানের এক টুইটবার্তার বরাতে খবরটি জানিয়েছে রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট আরও সুরক্ষিত রাখার একটি উপায় হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এ পদ্ধতি চালু করা থাকলে শুধু পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যায় না।  এর জন্য প্রয়োজন হয় গ্রাহকের মোবাইলে পাঠানো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি), যা মাত্র একবারই ব্যবহার করা যায়।

টুইটারে এক গ্রাহক প্রশ্ন করেছিলেন, প্রতিষ্ঠানটি সত্যিই তাদের নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে কিনা। এর উত্তর দিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক স্বয়ং। তিনি বলেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠানটি তাদের নীতি পরিবর্তন  করেছে। কারণ অপব্যবহারকারীরা বট ব্যবহার করে টু ফ্যাক্টরের ম্যাসেজ পাম্প করে। আর এ কারণে প্রতি বছর ৬ কোটি ডলার মুনাফা হারায় টুইটার।

ডিবিটেক/বিএমটি